ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকৃতি দিয়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস সরিয়ে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফায়েড পেজে দেওয়া ওই পোস্টে তিনি বিএনপি জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।
পোস্টে তিনি লিখেছিলেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে তারা ফলাফল মেনে নিচ্ছেন। তবে একই সঙ্গে তিনি নির্বাচনের ফলাফলকে “গভীর ও জটিল বাস্তবতার প্রতিফলন” বলেও মন্তব্য করেন। তাঁর দাবি ছিল, প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে এবং বর্তমান নির্বাচনী পদ্ধতিতে বহু ভোট যথাযথভাবে মূল্যায়িত হয় না।
তিনি আরও উল্লেখ করেন, অন্তত ৫৩টি আসনে অল্প ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে এবং কয়েকটি আসনের ফলাফল নির্বাচন কমিশনে পর্যালোচনাধীন রয়েছে। এসব ক্ষেত্রে আইনগত কাঠামোর ভেতরে থেকে পুনর্গণনা ও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। তবে এটি সামগ্রিক ফল প্রত্যাখ্যান নয় বলেও স্পষ্ট করেন।
গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার রায় দিয়েছেন। নতুন সরকার সেই ম্যান্ডেট সম্মান করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান এবং ভবিষ্যৎ সরকারকে সংবিধানের সীমার মধ্যে থেকে দেশ পরিচালনার পরামর্শ দেন।
পরবর্তীতে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান বলেন, পোস্টটি সরানো হয়েছে কি না তা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
ন্যাশনিক্স/এলকে
