পাবনা-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহকে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে কামালপুর ফাঁড়ির পুলিশ আটক করে সুজানগর থানায় হস্তান্তর করে। পরে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মুহাম্মাদ আসাদুল্লাহ হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির দায়িত্বেও যুক্ত ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ২০২৪ সালের জামালপুর জেলার চেক জালিয়াতি মামলায় এক মাসের সাজা ও তিন লাখ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণভোটের অ্যাম্বাসেডর হিসেবে প্রচারণায় ছিলেন। তবে নির্বাচন শেষ হওয়ার পর বাড়িতেই অবস্থান করছিলেন।
গ্রেপ্তারের পর মুহাম্মাদ আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, “পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিস্মিত। তাকে দ্রুত মুক্তির দাবি করছি।”
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন জানান, মুহাম্মাদ আসাদুল্লাহ একজন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ন্যাশনিক্স/এএএইচপি
