নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ভোর প্রায় পৌনে চারটার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে জানালার কাঁচ ভেঙে পেট্রোল বা এ ধরনের কোনো দাহ্য পদার্থ ভেতরে নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। ইতোমধ্যে দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া বলেন, প্রায় এক মাস আগে কার্যালয়টির নির্মাণকাজ শুরু হয়ে এক সপ্তাহ আগে শেষ হয়। শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেখানে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এরপর ভোরের দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায় বলে তিনি জানান।
তিনি দাবি করেন, এটি পরিকল্পিত হামলা হতে পারে এবং পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে বলে তাদের ধারণা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।
ওসি সবজেল হোসেন জানান, স্থানীয় বিএনপি নেতারা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এপি
