বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। বিশেষ করে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামায়াত সমর্থিত জোটের উল্লেখযোগ্য সংখ্যক আসন জয়ের বিষয়টি তিনি অস্বাভাবিক বলে মন্তব্য করেন।
সাক্ষাৎকারে জয় বলেন, দেশের বৃহত্তম ও পুরোনো একটি রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। তাঁর দাবি, কিছু প্রগতিশীল দলকে নিষিদ্ধ না করলেও তাদের সভা-সমাবেশে বাধা দেওয়া হয়েছে এবং বহু নেতাকর্মী কারাগারে ছিলেন। জাতীয় পার্টির মতো তৃতীয় বৃহত্তম দল একটিও আসন না পাওয়াকে তিনি “অবিশ্বাস্য” বলে উল্লেখ করেন।
জামায়াতের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যেখানে দলটি সাধারণত পাঁচ থেকে দশটির বেশি আসন পেত না, সেখানে এবার প্রায় ৮০টি আসন পাওয়ার খবর এসেছে—যা তাঁর মতে নির্বাচনের প্রতিযোগিতামূলক চরিত্র নিয়ে প্রশ্ন তোলে।
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে জয় বলেন, তারা সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত। তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে যুক্তরাজ্যের টরি ও লেবার পার্টির সঙ্গে তুলনা করে বলেন, এই দুই দল ছাড়া বাংলাদেশের রাজনীতি কল্পনা করা যায় না।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের প্রায় ৪০ শতাংশ ভোট রয়েছে এবং জাতীয় পার্টিরও উল্লেখযোগ্য ভোটভিত্তি আছে। তাই দীর্ঘমেয়াদে এই দলগুলোকে উপেক্ষা করে রাজনীতি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাশনিক্স/এলকে
