ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, তাদের ও জোটভুক্ত দলের নেতাকর্মীরা হামলা ও হুমকির মুখে পড়ছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ উত্থাপন করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে তাদের বাড়িঘর ও পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, নির্বাচনে যারা জয়লাভ করেছেন, তাদের উচিত নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে রাখা। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক হলেও বিরোধী দল বা ভিন্নমতের মানুষের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রূপান্তরের সূচনা যদি প্রতিপক্ষের ওপর নিপীড়নের মাধ্যমে হয়, তাহলে তা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে। দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ন্যাশনিক্স/এলকে
