পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে প্রশাসন কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রাখা হয় এবং সেখানে পুলিশ, বিজিবি ও অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়। এ সময় দুই আসনের পরাজিত প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। তাদের আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে জানানো হয়।
পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্ব ছিল। পুনর্গণনা হলে ফল পরিবর্তন হতে পারে বলে দাবি করেন তিনি। একই ধরনের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানান পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই প্রার্থীর লিখিত আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন নেবে।
বেসরকারি ফল অনুযায়ী, পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডল ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অন্যদিকে পাবনা-৩ আসনে মাওলানা আলী আজগার ৩ হাজার ২৬৯ ভোটে বিজয়ী হন।
ন্যাশনিক্স/এলকে
