গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাঁ মাঠের পাশের একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদগাঁ মাঠের পশ্চিম পাশে অবস্থিত টিনশেডের ওই গুদামে হঠাৎ আগুন লাগে। দাহ্য ঝুট থাকায় আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, টিনশেডের ঝুট গুদামটিতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
