পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললেন বিএনপি নেতা

অবশ্যই পরুন

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার সকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়টি খুলে দেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বিএনপি নেতার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেন আইনি হয়রানি থেকে রক্ষার দাবি জানান।

সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন ভিডিওতে বলেন, দেশের পতাকা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলমত নির্বিশেষে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান তিনি।

এ বিষয়ে আবু দাউদ প্রধান বলেন, এলাকায় উত্তেজনা এড়াতেই তিনি কার্যালয়ের তালা খুলেছেন। এটি তার দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, আগে জামায়াতের লোকজন অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল।

মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, আপাতত অফিসটিতে মুক্তিযোদ্ধারা বসবেন এবং আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম এখনই পরিচালিত হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ