ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
তার অভিযোগে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও, ১৯৭২) ও নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন হয়েছে। ৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া কিছু ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগও তোলেন।
তিনি আরও অভিযোগ করেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের ঘোষিত ভোটসংখ্যার সঙ্গে প্রিজাইডিং কর্মকর্তার সরবরাহকৃত ফলাফলের গরমিল রয়েছে। কয়েকটি কেন্দ্রে ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট বই পাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে আবেদনে।
ঢাকা-১৬ আসনে তিনি ৮৫ হাজার ৪৬৭ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আব্দুল বাতেন ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয়ী হন বলে বেসরকারি ফলাফলে জানা যায়।
ন্যাশনিক্স/এলকে
