“ফিরব হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ”
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ভক্তদের হৃদয় ছুঁয়ে গেলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন
“ফিরব হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
সংক্ষিপ্ত এই বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। ভক্তরা আবেগে ভেসে জানাচ্ছেন “সাকিব শুধু মাঠে নয়, দেশের প্রতি টান এবং ভালোবাসায়ও আমাদের সবার নায়ক।”
এর আগে বঙ্গবন্ধুকন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন সাকিব আল হাসান। সেই পোস্টকে ঘিরে দেশের রাজনীতি অঙ্গনে সৃষ্টি হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। আওয়ামী লীগ সমর্থকরা সাকিবের সাহসী মনোভাবের প্রশংসা করেছেন, অন্যদিকে ভিন্নমতের রাজনৈতিক মহল থেকে এসেছে সমালোচনা।
তবে সব বিতর্কের বাইরে সাকিবের সাম্প্রতিক পোস্টটি যেন ভক্তদের হৃদয়ে এক নতুন আবেগ ছড়িয়ে দিয়েছে। ক্রিকেটপ্রেমীরা জানাচ্ছেন” দেশের মাটির টান, দেশের প্রতি ভালোবাসা এই কথাগুলোই আমাদের সত্যিকারের প্রেরণা।”
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বারবার ইতিহাস গড়া সাকিব আল হাসান শুধু মাঠেই নয়, মনেও বাংলাদেশের রঙ বহন করে চলেছেন। তাঁর এই বার্তা নতুন করে মনে করিয়ে দিল যেখানেই থাকুন, বাংলাদেশ তাঁর প্রাণের ঠিকানা।
