নির্বাচন ও ছুটি মিলিয়ে ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের বন্ধ

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় দিবস মিলিয়ে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সব মিলিয়ে এ সময়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে শুরু করে পবিত্র রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১৯ দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে। এ দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১২ দিন ছুটি থাকবে, যা চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। দুর্গাপূজায় নির্ধারণ করা হয়েছে পাঁচ দিনের ছুটি। পাশাপাশি লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা-ই-ইয়াজ দহম উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

এ বছরও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান উপলক্ষে নিয়ম অনুযায়ী ছুটি পালন করা হবে।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ১২ ফেব্রুয়ারি, নির্বাচনের দিনও সাধারণ ছুটি থাকবে। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ