মেহেরপুর কারাগারে ভোটের সুযোগ থাকলেও আবেদন করেননি আওয়ামী লীগ নেতা-কর্মীরা

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য মোট ৬ হাজার ৬৬২ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সংসদীয় আসন ৭৩ (মেহেরপুর-১) থেকে ৩ হাজার ৫২০ জন এবং সংসদীয় আসন ৭৪ (মেহেরপুর-২) থেকে ৩ হাজার ১৪২ জন ভোটার পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন।

কারাগার থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ চালু হওয়ায় মেহেরপুর জেলা কারাগারে থাকা ২২ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন করেছেন। তবে কারাগারে থাকা সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একাধিক প্রভাবশালী নেতা এই সুযোগের জন্য আবেদন করেননি।

জানা গেছে, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী মোনালিসা, ভাই সরফরাজ হোসেন মৃদুল, ভগ্নিপতি বাবলু বিশ্বাস, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেননি।

মেহেরপুরের দুটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য জেলা নির্বাচন অফিস থেকে সরবরাহ করা ভোটার তথ্যের সিডি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মেহেরপুর জেলার দুই আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ৬৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৭৭ জন, নারী ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। নতুন ভোটারের সংখ্যা ৩১ হাজার ৭১৪ জন এবং পোস্টাল ভোটার ৬ হাজার ৬৬২ জন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে অবস্থানরত ভোটার, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনানুগভাবে হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের মধ্যে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ হাজার ৯০২ জন ভোটদান সম্পন্ন করেছেন। পাশাপাশি ২ হাজার ৩৯৪ জন ভোটার ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।

এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা চার লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। কমিশনের তথ্যমতে, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে পৌঁছেছে। এর মধ্যে পাঁচ লাখ ১৮ হাজার ৩৪৫ জন ব্যালট গ্রহণ করেছেন এবং এক লাখ ৪৪ হাজার ৮৬০টি ভোটের ব্যালট দেশে ফিরে এসেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ