ভালুকায় গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজ বসতঘর থেকে রাহিমা (৩৫) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহিমা ওই এলাকার বিল্লালের স্ত্রী। বিল্লাল পেশায় লেপ-তোশকের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রাহিমা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। পরে রাত আনুমানিক ৮টার দিকে ছেলে রাহাত (৭) ও মেয়ে সুমাইয়া (১৫)–কে খাবার খাইয়ে পাশের কক্ষে ঘুম পাড়িয়ে দেন। স্বামী প্রতিদিনের মতো রাতে দেরিতে বাড়ি ফেরেন বলে তিনি দরজা লক না করে নিজ কক্ষে শুয়ে পড়েন।

রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাহিমাকে গলা কেটে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর মরদেহ সরানোর চেষ্টা করা হলে বারান্দায় রাখা সেলাই মেশিনে ধাক্কা লেগে শব্দ হয়। শব্দ শুনে নিহতের মেয়ে বাইরে এসে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।

মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাহিমাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি নিহতের স্বামীকে ফোনে জানানো হলে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ