প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের

অবশ্যই পরুন

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে প্রহসন আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর প্রতি দেশের প্রায় ৫০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। এই বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনোভাবেই একটি গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি দেশে বর্তমানে নির্বাচন আয়োজনের মতো সুষ্ঠু পরিবেশও নেই বলে উল্লেখ করা হয়।

প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেন, দেশে মবসন্ত্রাস, ধর্ষণ, গুম ও খুনের মাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সাংবাদিক, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করা হয়েছে। ভিন্নমত প্রকাশ করলেই গায়েবি মামলায় আসামি করে গ্রেপ্তার, শারীরিক হামলা এবং পত্রিকা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

এই পরিস্থিতিতে দেশের অধিকাংশ মানুষ রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরে গেছে বলে উল্লেখ করে তারা বলেন, এই পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না।

বিবৃতিতে আরও জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ১ কোটি ৩০ লক্ষ প্রবাসী ভোটারের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন মাত্র ৪ লক্ষ ৫৬ হাজার জন, যা মোট প্রবাসী ভোটারের মাত্র ৩ শতাংশ। অর্থাৎ, ৯৭ শতাংশ প্রবাসী ভোটার এই নির্বাচন বর্জন করেছেন, যা নির্বাচনটির প্রতি প্রবাসীদের অনাস্থার সুস্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেন তারা।

এ ছাড়া বিবৃতিতে বলা হয়, ৭২-এর সংবিধানের মূল চেতনা বাদ দেওয়ার উদ্দেশ্যে একটি গণভোটের আয়োজন করা হয়েছে, যা গভীর উদ্বেগজনক। প্রবাসী বাংলাদেশিদের মতে, কিছু ব্যক্তি এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চায় এবং পাকিস্তানি মানসিকতা প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে।

এ অবস্থায় তারা এই অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিতে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে স্বাক্ষর করেন: 

সৈয়দ মোজাম্মেল আলী, ড. আনসার আহমেদ উল্লাহ, আলহাজ শামসুদ্দিন খান, ড. আরাফাত খান, আমিনুল হক পলাশ (যুক্তরাজ্য);

ড. নুরুন নবী, ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ, স্বীকৃতি বড়ুয়া, আলিফ লায়লা হীরা, এ জেড এম সাজ্জাদ হোসেন সবুজ, ড. সরওয়ার জাহাঙ্গীর (যুক্তরাষ্ট্র);

এম. নজরুল ইসলাম (অস্ট্রিয়া);

মোহাম্মদ হাসান, নূরুল আমিন, ড. আবদুল আওয়াল, এটিএম সাঈদুজ্জামান, শায়লা আহমেদ লোপা (কানাডা)

সহ মোট ২০০১ জন প্রবাসী বাংলাদেশি।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ