জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও হ্যাক হয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে সালমান বলেন, তার বাবার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনায় দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতি জানানোর দাবি জানানো হয়। মঙ্গলবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেয়।
জামায়াত জানায়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হয় এবং কিছুক্ষণ পর ওই আইডি থেকে একটি অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে আইডির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। এরপর হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ঘটনার পর ওই রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়। সে সময় হ্যাকিংয়ের সম্ভাব্য পদ্ধতি ও উৎস নিয়েও একটি উপস্থাপনা দেওয়া হয়েছে বলে জানায় দলটি।
জামায়াতের দাবি, তদন্তে দেখা গেছে দলটির কেন্দ্রীয় অফিসিয়াল ই-মেইলসহ একাধিক ঠিকানায় একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই ই-মেইলটি একটি সরকারি দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে প্রতিক্রিয়া না পাওয়ায় জামায়াত সরাসরি বঙ্গভবনে গিয়ে অভিযোগ জানায়। প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব জানান, বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়।
নির্বাচনের সময় ঘনিয়ে আসায় বিষয়টির গুরুত্ব তুলে ধরে জামায়াত আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি ও প্রতিবেদন সরকারিভাবে প্রকাশের দাবি জানিয়েছে। একই সঙ্গে দলটি অভিযোগ করেছে, একটি সরকারি দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট ই-মেইল ব্যবহার করে ফিশিং ও হ্যাকিংয়ের চেষ্টা উদ্বেগজনক এবং এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অপপ্রচারের চেষ্টা চলছে।
ন্যাশনিক্স/এলকে
