জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতা কর্মসংস্থানের উদ্দেশ্যে বাইরে কাজ করা নারীদের সম্পর্কে এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা কলঙ্কজনক। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরে আইডি হ্যাক হওয়ার অজুহাত দেওয়া হয়, যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
সোমবার খুলনার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জনগণের সামনে একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতারা ও দলটি মিথ্যা বক্তব্য দিচ্ছে এবং নিজেদের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে।
প্রায় ২৭ মিনিটের বক্তব্যে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায় এবং নারী নেতৃত্বে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, ওই দলের নেতারা প্রকাশ্যে নারীদের অসম্মানজনক ভাষায় আক্রমণ করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিএনপি চেয়ারম্যান বলেন, ইসলামের ইতিহাসে কর্মমুখী নারীর উদাহরণ রয়েছে। তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সালামের স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন সফল ব্যবসায়ী। অথচ যারা নারীদের অবমাননাকর ভাষায় কথা বলছে, তারাই আবার ইসলাম কায়েমের কথা বলছে বলে তিনি মন্তব্য করেন।
তারেক রহমান প্রশ্ন তুলে বলেন, যে দল নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বন্দী রাখতে চায় এবং অসম্মানজনক ভাষায় কথা বলে, তারা ক্ষমতায় গেলে নির্বাচন পরবর্তী সময়ে কেমন আচরণ করবে তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এসব দল ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এবং যেখানে প্রয়োজন সেখানে ধর্মকে ভিন্নভাবে উপস্থাপন করে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নাসহ অন্যান্য নেতারা।
ন্যাশনিক্স/এলকে
