১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

অবশ্যই পরুন

সামরিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) রেজাউল করিম বলেছেন, আগামী ১২ তারিখের সকালের আগে পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। এ বিষয়ে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছেন।

তিনি বলেন, নির্বাচনের সঙ্গে জড়িত কোনো পক্ষ যদি মনে করে তারা নিশ্চিতভাবে বিজয়ী হবে, তাহলে তারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী থাকবে। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে জয়ের সম্ভাবনা কম, তাহলে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে।

রেজাউল করিম আরও বলেন, বর্তমানে আদালতে একাধিক গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বিএনপির প্রায় ২৫ জন প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে, যদিও এই সংখ্যা কম-বেশি হতে পারে। পাশাপাশি আরও প্রায় ১৫ থেকে ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল সংক্রান্ত রায় আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিচার বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগ অনেকাংশে একটি পারিবারিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় বিচারিক সিদ্ধান্তগুলো নির্বাচন পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে মেজর (অব.) রেজাউল করিম বলেন, দলটির হাতে থাকা সব কৌশল বা ‘ট্রাম্প কার্ড’ একসঙ্গে ব্যবহার করা হবে না। বরং ধাপে ধাপে তারা তাদের কৌশল প্রয়োগ করবে। তার মতে, বিএনপি এখনো পুরোপুরি জানে না সামনে জামায়াত আর কী ধরনের কৌশল গ্রহণ করতে পারে।

তিনি বলেন, এসব অনিশ্চয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে থাকতে পারে এবং পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিতে পারে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ