সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম, ভরি পৌঁছাল ২ লাখ ৮৬ হাজারে

অবশ্যই পরুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ায় নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত মঙ্গলবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়। এরপর বুধবার আরও ৭ হাজার ৩৪৮ টাকা বাড়ানো হলে দাম দাঁড়ায় ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। সর্বশেষ দফায় এক লাফে ১৬ হাজার টাকার বেশি বাড়িয়ে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে কখনও একবারে এত বেশি দাম বাড়েনি।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়ে হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা প্রতি ভরি।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ