বিএনপির প্রতি জনসমর্থনের ইঙ্গিত দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের একটি সমাবেশের ভিডিও পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম খান। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি ভিডিওটি শেয়ার করেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল ‘তারেক বসন্ত’।
পোস্ট করা ভিডিওটিতে যশোরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক সমাবেশের একাধিক দৃশ্য দেখা যায়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও হাস্যরস তৈরি হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি বিপুলসংখ্যক মানুষ দেখেন এবং শেয়ার করেন।
পোস্ট প্রকাশের কিছু সময় পর আবিদুল ইসলাম খান এতে সংশোধনী আনেন। পরে তিনি কমেন্টে ব্যাখ্যা দিয়ে জানান, ভিডিওটি তিনি একটি টেলিভিশন চ্যানেলের সংরক্ষিত ফুটেজ থেকে নিয়েছিলেন, যা পরবর্তীতে সংশোধন করা হয়েছে। একই সঙ্গে তিনি বিষয়টিকে সংবাদমাধ্যমের ভুল হিসেবে উল্লেখ করে এ ধরনের বিভ্রান্তিকর প্রচার অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন তুলছেন।
ন্যাশনিক্স/এলকে
