দরপত্র ছাড়াই র‍্যাবের জন্য ১৬৩টি যানবাহন কেনার অনুমোদন

অবশ্যই পরুন

সরকার দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর জন্য ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে এসব যানবাহন সংগ্রহ করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব যানবাহন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরাসরি ক্রয়ের কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেই ব্যয় করার লক্ষ্যেই প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে যানবাহন কেনা হচ্ছে।

নির্বাচনের সঙ্গে এই ক্রয়ের কোনো যোগসূত্র নেই জানিয়ে তিনি বলেন, এটি কেবল নীতিগত অনুমোদন। প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে এবং যানবাহনগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

জানা গেছে, প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক থেকে অনুমোদিত হয়। এর মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের কার্যক্রমকে আরও কার্যকর করতে এই যানবাহন কেনা জরুরি বলে বৈঠকে উল্লেখ করা হয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ