অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
অভিনেতার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী জানান, বৃহস্পতিবার একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সিংগাইরে গিয়েছিলেন তাঁর বাবা। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তিনি হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তাঁকে পিসিসিইউতে রাখা হয়েছে।
বিজয় চৌধুরীর মেয়ে ফিওনা ইসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অসুস্থতার কথা জানিয়ে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে রইছ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান বিজয় চৌধুরী। সিনেমার শেষদিকে রইছের আত্মত্যাগের দৃশ্য দর্শকদের মধ্যে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।
১৯৭৩ সালে জন্ম নেওয়া বিজয় চৌধুরীর অভিনয়ে অভিষেক হয় ১৯৯৩ সালে পরিচালক রায়হান মুজিবের ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে। পরবর্তী সময়ে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছ চরিত্রই তাঁকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়। ওই সিনেমার পর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি।
বিজয় চৌধুরীর পরিবার তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।
ন্যাশনিক্স/এলকে
