চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত র্যাব কর্মকর্তার নাম মো. মোতালেব। তিনি র্যাব-৭ এর উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
র্যাব-৭ চট্টগ্রামের গণমাধ্যম শাখা জানায়, সন্ধ্যার দিকে র্যাবের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীরা হঠাৎ করে হামলা চালায়। এতে মো. মোতালেবসহ চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. মোতালেবকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ন্যাশনিক্স/এলকে
