চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তা মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন। তিনি র্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে দায়িত্ব পালন করছিলেন।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মোতালেব গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে সন্ত্রাসীরা অন্তত তিনজন র্যাব সদস্যকে জিম্মি করে রেখেছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জিম্মি র্যাব সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
