নির্বাচনে লুট হওয়া অস্ত্র ব্যবহারের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র ব্যবহার হওয়ার সুযোগ নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের তথ্য পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো নিয়মিত উদ্ধার করছে। নির্বাচনের সময় পুলিশের হাতে অবৈধ অস্ত্র ব্যবহারের আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য প্রার্থী বা তার প্রতিনিধির কাছ থেকে অর্থ কিংবা খাবার গ্রহণ করতে পারবে না। দায়িত্বে থাকা প্রায় দেড় লাখ পুলিশ সদস্য পেশাদারিত্ব বজায় রাখতে পারলে দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন।

দেশে জঙ্গিবাদ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আগের তুলনায় জঙ্গি ও চরমপন্থি তৎপরতা অনেক কমেছে। জঙ্গিবাদ এখন প্রায় নেই বললেই চলে। তবে বিদেশে অবস্থানরত কিছু ফ্যাসিস্ট চরমপন্থির বিষয়ে নজরদারি চলছে এবং তাদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে বিভিন্ন বিসিএস ব্যাচের মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এ সময় বেস্ট প্রবেশনার, বেস্ট একাডেমিক, বেস্ট ফিল্ড অ্যাক্টিভিটিজ, বেস্ট হর্সম্যানশিপ ও বেস্ট শ্যুটার ক্যাটাগরিতে নির্বাচিত কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ সমাপ্তির মাধ্যমে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন। তারা আগামী ছয় মাস বিভিন্ন জেলায় ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নেবেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ