রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়ে ফেললেন রাকসুর জিএস

অবশ্যই পরুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার নিজ হাতে ব্যানারটি খুলে ফেলেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক সংলগ্ন প্যারিস রোডে টাঙানো ওই ব্যানারটি স্থাপন করেছিলেন আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, যিনি রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাকসুর জিএস সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানার সরিয়ে নেওয়ার আহ্বান জানান এবং একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার অপসারণ না হওয়ায় তিনি নিজেই ব্যানারটি খুলে ফেলেন বলে জানান।

পরে এ ঘটনার ভিডিও প্রকাশ করে সালাহউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা রাজনৈতিক প্রচার চালানো আইন ও প্রশাসনিক বিধির পরিপন্থী। শিক্ষার্থীদের স্বার্থে তিনি এমন ব্যানারের বিরোধিতা করবেন বলেও মন্তব্য করেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ক্যাম্পাসে রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের শালীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মত দিয়েছেন।

অন্যদিকে অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার দাবি করেন, জিয়া পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন এবং প্রকাশ্যে ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে তিনি অশোভন আচরণ হিসেবে দেখছেন। তিনি বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ