চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অতর্কিত হামলা চালায়।
হামলার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জুলাইযোদ্ধারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, সম্প্রতি চট্টগ্রাম-১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এর জের ধরেই এই হামলা সংঘটিত হয়েছে বলে তারা মনে করছেন।
চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়া মানুষদের ওপর হামলা চলতে থাকলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না।
ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানান, গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনাটি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি হামলাকারীদের ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে আখ্যায়িত করেন।
আহত হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের ঘনিষ্ঠরা জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, হাসান আলী পূর্বে এনসিপির প্রার্থী ছিলেন। পরবর্তীতে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।
ন্যাশনিক্স/এলকে
