আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে নেপালে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার (১৬ জানুয়ারি) মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। প্রস্তুতি পর্বের দুই ম্যাচেই জয় পেল বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানে ৬ রান করে আউট হন দিলারা আক্তার। এরপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২৯ বলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৩১ রান। মাঝের ওভারে শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫১ রানের কার্যকর জুটি গড়ে তোলেন। শারমিন ৩১ বলে ২৮ এবং জ্যোতি ২২ বলে ২৮ রান করে আউট হন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন স্বর্ণা আক্তার ও শবানা মোস্তারি। স্বর্ণা ১৪ বলে এবং শবানা ১৫ বলে অপরাজিত থেকে ২৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে বাংলাদেশ।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে থাইল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর পেরোতে সক্ষম হন। নান্নাপাত কোনছারেকাই ৪৮ বলে ৫২ রান করে ফিফটি করেন। এছাড়া ছানিডা সুথিরুয়াগ ১৮ বলে ২৫ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানেই থামে থাইল্যান্ড।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারিয়া তৃষ্ণা, যিনি দুটি উইকেট নেন। অন্য তিন বোলার নেন একটি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বের আগে আত্মবিশ্বাস বাড়ল লাল-সবুজের
ন্যাশনিক্স/এপি
