আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে ঢাকায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থান নিয়ে সরাসরি আলোচনাই এ সফরের মূল উদ্দেশ্য।
এর আগে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে একাধিকবার ই-মেইলে যোগাযোগ হয়। পাশাপাশি একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে বাংলাদেশ।
আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ বিষয়ে অবহিত করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, তাতে আইসিসির একটি প্রতিনিধি দল আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে। তবে বাংলাদেশের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেন।
আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী এবং দেশটি চায় শ্রীলঙ্কায় টুর্নামেন্টের ম্যাচগুলো খেলতে। তার মতে, এই বিকল্প আয়োজন বাস্তবায়ন করা অসম্ভব নয়।
ন্যাশনিক্স/এপি
