মানিকগঞ্জ সদর হাসপাতালে নারী ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

অবশ্যই পরুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নেওয়া এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। আটক দুই আনসার সদস্য হলেন শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ থেকে স্বামীর সঙ্গে চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জে নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে রাত দেড়টার দিকে তারা ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
সেখানে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের সঙ্গে কথা হলে তারা স্বামী-স্ত্রী পরিচয় যাচাইয়ের কথা বলে হাসপাতালের ভেতরে যেতে বলেন। একপর্যায়ে আনসার সদস্যরা স্বামীকে নিচে রেখে নারীকে হাসপাতালের দোতলায় নিয়ে যান। পরে কৌশলে স্বামীকে খাবার কেনার কথা বলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ সুপার জানান, ওই সময় নারীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। স্বামী ফিরে এসে সন্দেহ হলে তারা হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় টহলরত পুলিশকে বিষয়টি জানান। ভয়ের কারণে ভুক্তভোগী নারী প্রথমে স্বামীর কাছে ঘটনা স্বীকার করেননি। পরে পুলিশের কাছে বিস্তারিত জানালে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়।

ভুক্তভোগী নারী বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়েছেন এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ভুক্তভোগীর গার্ডিয়ান হিসেবে তার নানা থানায় উপস্থিত হলে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ