বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামে দুজন আহত হন।
দোয়া মাহফিলটি আয়োজন করেন বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অনুষ্ঠান শুরুর আগেই হামলাকারীরা প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং কিছু খাবার নষ্ট করে ফেলে। বাধা দিতে গেলে তারা উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় আতঙ্কে অনেকেই মোংলা থানা ও আশপাশের এলাকায় আশ্রয় নেন।
খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
