বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে হলদিয়ায় নতুন নৌঘাঁটি গড়ছে ভারত

অবশ্যই পরুন

বাংলাদেশ ও চীনের সামরিক তৎপরতা পর্যবেক্ষণে রাখতে পশ্চিমবঙ্গের বন্দরনগরী হলদিয়ায় নতুন একটি নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই ঘাঁটি নির্মাণ করা হচ্ছে বলে দেশটির একাধিক নৌবাহিনী সূত্র জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া তথ্যে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তরাংশে চীনা নৌবাহিনীর উপস্থিতি ও তৎপরতা বেড়েছে। একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাম্প্রতিক পাকিস্তান সফরগুলোও ভারতের কৌশলগত পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে।

এই প্রেক্ষাপটেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত ঘাঁটিটি কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হলদিয়ায় নির্মিত হবে। এখানে ঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদীপথ ব্যবহার করে স্বল্প সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছাতে পারবে ভারতীয় নৌবাহিনী।

নৌঘাঁটি নির্মাণে হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অপারেশনাল সুবিধা বাড়ার পাশাপাশি অতিরিক্ত অবকাঠামো নির্মাণের প্রয়োজনও তুলনামূলকভাবে কম হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নতুন ঘাঁটিতে একাধিক ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (এফআইসি) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট (এনডব্লিউজেএফএসি) মোতায়েন করা হবে। এসব দ্রুতগামী সামরিক নৌযানের গতি ঘণ্টায় প্রায় ৭৪ থেকে ৮৩ কিলোমিটার পর্যন্ত। বিশ্বের দ্রুতগতির সামরিক নৌযানের তালিকায় এগুলো উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে।

নৌযানগুলোতে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগানসহ বিভিন্ন আধুনিক অস্ত্র সংযোজন করা হবে। পাশাপাশি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘নাগাস্ত্র’ সুইসাইডাল ড্রোন সিস্টেম ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

প্রস্তাবিত এই নৌঘাঁটিতে সার্বক্ষণিকভাবে প্রায় ১০০ জন নৌসেনা ও কর্মকর্তা মোতায়েন থাকবেন বলে জানা গেছে।

ভারতীয় নৌবাহিনীর সূত্র মতে, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি, বাংলাদেশ-চীন সামরিক সহযোগিতার সাম্প্রতিক চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ যোগাযোগ এই সব বিষয় বিবেচনায় রেখেই কৌশলগত নিরাপত্তা জোরদার করতে নতুন নৌঘাঁটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে 

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ