৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

অবশ্যই পরুন

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী সাত জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।


শুক্রবার দুই জানুয়ারি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় এলাকায় অবস্থান নেন। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে জমায়েতটি বড় আকার ধারণ করে।


কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল হাদি হত্যার বিচার দাবি এবং আপোষ নয় বিপ্লবমূলক আন্দোলনের আহ্বান। যদিও অবস্থান কর্মসূচি চলাকালে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বক্তব্য বিভ্রান্তিকর এবং তারা এসব বক্তব্য বিশ্বাস করেন না। তার দাবি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে।


তিনি বলেন, ঘটনার একুশ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার সাত জানুয়ারি অভিযোগপত্র দেওয়ার কথা বললেও, কেবল একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি।
আব্দুল্লাহ আল জাবের বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে অভিযোগপত্র দিতে হবে। অন্যথায় সাত জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু হবে। তিনি জানান, নির্বাচন পর্যন্ত রাজপথে থেকেই রাষ্ট্র পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ এবং হাদি হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হলে তা প্রকাশ্য হতে হবে। গোপন বা বিদেশকেন্দ্রিক কোনো বৈঠক গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। তার ভাষায়, এই আন্দোলন কেবল শুরু হয়েছে এবং শহীদ ওসমান হাদি ভবিষ্যৎ লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ