শীত নিয়ে বড় দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস

অবশ্যই পরুন

আসন্ন জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এই মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি মাসে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা থাকতে পারে ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র হতে পারে, এতে তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে কমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারিতে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো দিন এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যেতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে। এ সময় দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে আগেভাগে শীতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ