দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল ও আশুগঞ্জ এলাকা বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে। ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পাওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে দল থেকে পদত্যাগের কথাও জানান তিনি।
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে রুমিন ফারহানা বলেন, দল যদি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে চায়, তাহলে সেটি নেওয়ার অধিকার দলের রয়েছে। তিনি জানান, মনোনয়ন কেনার আগেই তিনি সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবেন।
ন্যাশনিক্স/এলকে
