পটুয়াখালীর বাউফল শহরের পাবলিক মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের মঞ্চে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে ঘটে এই নিন্দনীয় ঘটনা। এতে মঞ্চের পেছনে থাকা ডেকোরেশনের কাপড়, কারপেটসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাত ২টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে মঞ্চের পেছনে রাখা রঙের বাটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। সড়কে অবস্থানরত এক ট্রাকচালক আগুন দেখে তাৎক্ষণিকভাবে বাউফল থানা পুলিশকে খবর দিলে টহল পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঞ্চের দায়িত্বপ্রাপ্ত নাসির মিয়া জানান, পরদিন বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। সকালে এসে দেখেন—মঞ্চের পেছনের অংশ পুড়ে গেছে। তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
ডেকোরেটর মালিক ফারুক হোসেন জানান, রাত ১২টা পর্যন্ত মঞ্চে কাজ করার পর বাড়ি ফেরেন তিনি। রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন রঙের বাটি দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে, যাতে তার বেশ কিছু সাজসজ্জার সামগ্রী পুড়ে গেছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই বাউফলে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপির বিভিন্ন দাবিতে আন্দোলন চলমান থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানা গেছে।
বাউফল থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানিয়েছেন, রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। টহল পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
