শান্তিচুক্তির ৩০তম দিনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীতে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের দুইটি বাসে আকস্মিক হামলা চালায় ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। হঠাৎ আক্রমণে বাসের গ্লাস ভাঙচুর হয় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন।
হামলার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের গেটের দিকে ইটপাটকেল ছুঁড়তে শুরু করলে এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ার গ্যাস ছুঁড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। অন্যদিকে আইডিয়াল কলেজের বড় একটি দল কলেজের সামনে সড়কে অবস্থান নেয়। দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মাঝে উত্তেজনা বজায় ছিল এক পাশে শিক্ষার্থী, অন্য পাশে পুলিশ।
ঘটনার সূত্রপাত হয়েছে ৭ ডিসেম্বর শাহবাগ এলাকায়। সেখানে আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের প্রায় ৫০ জন শিক্ষার্থী মেরে গুরুতর জখম করে। আহত শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় আজ ‘বিজয়–৭১’ এবং ‘শঙ্খনীল’ নামের ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর হয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী মেহরাব বলেন,
“কোন কারণ ছাড়াই আমাদের বাসে হামলা করা হয়েছে। কয়েকজন আঘাত পেয়েছে। তবে তাদের দিকেও নিশ্চয়ই কিছু ঘটেছিল।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস চলমান অবস্থায় হঠাৎ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা লাঠি, ইটপাটকেল নিয়ে আক্রমণ করে। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাস ভাঙচুরের পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে।
বাসচালক ইমন বলেন,
“ইউসুফ আলীর গলি দিক থেকে তারা দৌড়ে এসে ইটপাটকেল ছুঁড়ছিল। গ্লাস ভেঙে মাথায় পড়ে আমি আঘাত পেয়েছি। এখন হাসপাতালে আছি। অনেক ঢাকার কলেজের শিক্ষার্থীও আহত হয়েছে।”
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান,
“ভাঙা বাস দুইটি থানায় রয়েছে। ড্রাইভার ও কলেজের পক্ষ থেকে মামলা হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা আমরা নিশ্চিত করব। এই মাসে আর বাস বাইরে যাবে না।”
নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন,
“আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢিল ছুঁড়েছিল। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বের হলে আমরা তাদের ফিরিয়ে দিই। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর উভয় কলেজ এলাকার চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আর উত্তপ্ত না হয়।
ন্যাশনিক্স/এপি
