গণভোট–সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী সমমনা ৮ দল শেষ পর্যন্ত দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের বিষয়টি মেনে নিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে ডিসেম্বরজুড়ে ব্যাপক প্রচারণায় নামবে শরিক দলগুলো। তবে গণভোট ও নির্বাচনের একই দিনে আয়োজন মেনে নিলেও
● নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
● ফ্যাসিস্ট অপরাধীদের বিচার,
● ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা—
এই দাবিগুলো বহাল রয়েছে বলে স্পষ্ট জানান তিনি।
এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ৮ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন
ন্যাশনিক্স/এজে
