সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) চতুর্থ আসরে এবার জায়গা করে নিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে আজ তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস।
আগামী ২ ডিসেম্বর পর্দা উঠছে আইএল টি-টোয়েন্টির নতুন মৌসুমের। এর আগে গত আগস্টে মুস্তাফিজকে সরাসরি দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু ইংল্যান্ডের লুক উডের বিকল্প হিসেবে নেওয়ার পর হঠাৎই সেই চুক্তি বাতিল করে তারা এবং বদলি খেলোয়াড় হিসেবে হায়দার আলীর নাম ঘোষণা করেছিল।
অবশেষে আবারও মুস্তাফিজকে ফিরিয়ে আনল দুবাই, ফলে লিগে তিন বাংলাদেশি তারকা একই আসরে খেলতে যাচ্ছেন।
এর আগে নিলামে সাকিব আল হাসানকে ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে দলে নিয়েছে এমআই এমিরেটস।
আর তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে ভেড়ায় শারজাহ ওয়ারিয়র্স।
তবে মুস্তাফিজের আইএল টি-টোয়েন্টিতে খেলা এখনো নিশ্চিত নয়। কারণ, ডিসেম্বরে শুরু হতে পারে বিপিএল, আর আইএল টি-টোয়েন্টি চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ফলে লিগে খেলতে হলে বিসিবির এনওসি (অনাপত্তিপত্র) প্রয়োজন। সাকিবের ক্ষেত্রে সমস্যা না থাকলেও মুস্তাফিজ ও তাসকিনকে এনওসির জন্য অপেক্ষা করতে হবে।
চূড়ান্ত সিদ্ধান্ত এখন বিসিবির হাতে তাই এই দুই পেসারের আইএল টি-টোয়েন্টিতে অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তার ছায়া।
