যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় সুষ্ঠু ও ন্যায়সংগত হয়নি।
সংস্থাটির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত অবশ্যই প্রয়োজন, তবে তা স্বাধীন ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। কিন্তু চলতি মামলার বিচার সেই মানদণ্ড পূরণ করেনি।
অ্যামনেস্টি জানায়, ওই সময়কার সহিংসতায় ১,৪০০ জনের বেশি নিহত ও হাজারো মানুষ আহত হন এ ঘটনায় ভুক্তভোগীদের ন্যায়বিচারের জন্য উচ্চমানের নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া প্রয়োজন। কিন্তু যে আদালতে এ মামলা বিচার হয়েছে, সেটির স্বাধীনতা ও পূর্বের অন্যায্য কার্যপ্রণালীর বিষয়ে আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন সমালোচনা রয়েছে।
সংস্থার মতে, আসামিদের অনুপস্থিতিতে দ্রুতগতিতে বিচার সম্পন্ন হওয়া, পর্যাপ্ত সময় ছাড়া আইনজীবী নিয়োগ, ও গুরুত্বপূর্ণ প্রমাণ যাচাইয়ের সুযোগ না দেওয়া সবকিছুই ন্যায়বিচার নিশ্চিত হওয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
ন্যাশনিক্স/একেএ
