ক্যান্সার টিকার প্রাথমিক পরীক্ষায় অবিশ্বাস্য সাফল্য দেখাল রাশিয়া

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে মৃত্যুঝুঁকির শীর্ষে থাকা রোগগুলোর মধ্যে ক্যান্সার অন্যতম। একসময় মনে করা হতো, এই মারণব্যাধির কোনো স্থায়ী চিকিৎসা নেই। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সেই ধারণাকে পাল্টে দিয়েছে। এবার রাশিয়ার গবেষকেরা ক্যান্সার চিকিৎসায় এক নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন।

রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা ‘এন্টারোমিক্স’ নামের একটি ক্যান্সার টিকা তৈরি করেছেন, যা মানবদেহে প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা ও নিরাপত্তা প্রদর্শন করেছে। সংস্থাটির প্রধান ভেরোনিকা স্কভর্ৎসোভা জানিয়েছেন, এই ভ্যাকসিন বিনামূল্যে রোগীদের দেওয়া হবে।

গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের টিউমারের আকার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে, এবং কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এমআরএনএ প্রযুক্তিতে তৈরি এই টিকা দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে ক্যান্সার কোষ শনাক্ত ও ধ্বংস করতে সাহায্য করে—যেমনটি করোনার টিকাতেও দেখা গিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, এটি প্রচলিত চিকিৎসা যেমন কেমোথেরাপি বা রেডিয়েশনের তুলনায় অনেক নিরাপদ ও বুদ্ধিদীপ্ত বিকল্প হতে পারে। তারা আরও আশাবাদী, পরবর্তী ধাপের পরীক্ষাগুলোতেও একই সাফল্য মিললে এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর অস্ত্র হয়ে উঠবে।

এই উদ্ভাবন ক্যান্সার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে বলে মনে করছেন গবেষকেরা। এতে রোগের অগ্রগতি নিয়ন্ত্রণ, রোগীর আয়ুষ্কাল বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ