দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছে। একই সময়ে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৮০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এ নিয়ে চলতি বছরে দেশে হামের উপসর্গসহ সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।
ন্যাশনিক্স/এলকে
