চট্টগ্রাম বন্দরে পাখির খাবারের চালানের মধ্যে লুকিয়ে আনা প্রায় ২৫ টন পোস্তদানা (পপি সিড) জব্দ করেছে কাস্টমস হাউস। গোপন তথ্যের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা দুটি কনটেইনার আটক করে। কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকারও বেশি।
কাস্টমস কর্মকর্তাদের তথ্য মতে, মেসার্স আদিব ট্রেডিং নামের একটি কোম্পানি পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড আমদানির ঘোষণা দেয়। চালানটি গত ৯ অক্টোবর বন্দরে পৌঁছায় এবং পরবর্তীতে ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে রাখা হয়। ১৪ অক্টোবর সিঅ্যান্ডএফ এজেন্ট এম এইচ ট্রেডিং বিল অব এন্ট্রি জমা দিয়ে পণ্য খালাসের আবেদন করে। কিন্তু গোপন তথ্য পাওয়ার পর ২২ অক্টোবর কাস্টমস চালানটির খালাস স্থগিত করে।
পরে কনটেইনার খুলে দেখা যায়, সামনের অংশে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড থাকলেও তার পেছনে লুকানো রয়েছে ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি সিড। এরপর নমুনা সংগ্রহ করে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়; পরীক্ষার ফলেও এগুলো পপি সিড বলে নিশ্চিত হয়।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার এইচ এম কবির বলেন, আমদানি নিষিদ্ধ পণ্য আটক করে কাস্টমস জনস্বার্থ রক্ষায় তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে। নিয়ম অনুযায়ী আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ন্যাশনিক্স/একেএ
