বিপিএলে বিদেশি খেলোয়াড় কমানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি

অবশ্যই পরুন

আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। ইতোমধ্যে বিপিএল ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পূর্বের আসরে প্রতিটি দলে একাদশে চারজন করে বিদেশি খেলোয়াড় রাখার সুযোগ ছিল। তবে এবারের আসরে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমানোর পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। কারণ, দল কমে যাওয়ায় দেশি ক্রিকেটারদের সুযোগ বাড়াতে চায় বিসিবি।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি এবং দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি লিগ আয়োজনের ফলে অনেক বিদেশি ক্রিকেটার অন্য টুর্নামেন্টে ব্যস্ত থাকবেন। তাই বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ৪ বিদেশির জায়গায় এবার প্রতিটি দলে ৩ বিদেশি খেলোয়াড় রাখার সিদ্ধান্ত আসতে পারে।

বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, “আমরা চেষ্টা করছি যেন দেশি খেলোয়াড়দের সুযোগ রক্ষা হয়। তবে দল কমে যাওয়ায় কিছু যোগ্য খেলোয়াড় বাদ পড়লে তা দুঃখজনক হবে।”

অন্যদিকে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, একই সময়ে তিনটি বড় লিগ চলায় বিদেশি খেলোয়াড়দের আসা-যাওয়া স্বাভাবিক বিষয়। তাই এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য বিদেশি খেলোয়াড় আনতে পারবে। বিসিবি কোনো নির্দিষ্ট বিদেশি নিবন্ধন সীমা রাখছে না।

এছাড়া, গত আসরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জড়িত ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে বিশেষ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাদের সামনের মৌসুমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ