জাতীয় ঐক্যমত কমিশন প্রণীত জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিশনের উদ্যোগ ও বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার প্রচেষ্টার প্রশংসা করা হলেও, বেশ কিছু মূল সংস্কার প্রস্তাবে একমত হতে না পারায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সভা সূত্রে জানা যায়, দীর্ঘ আলোচনার পরও গণভোটের সময়সূচি, গণভোটের বিষয়বস্তু এবং জুলাই সনদে অন্তর্ভুক্ত কয়েকটি বিতর্কিত সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়ে গেছে। এসব ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তার মুখে পড়েছে।
প্রেস উইং এক বিবৃতিতে জানায়, “জুলাই আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্ব উদ্যোগে আলোচনার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ প্রস্তাবনা দিতে অনুরোধ করা হয়েছে। এতে সরকারের পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে”।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই, তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ঐকমত্য কমিশনের প্রচেষ্টা মূলত ব্যর্থ হয়েছে। ফলে সরকার এখন রাজনৈতিক দলগুলোর ওপরই দায়িত্ব ছেড়ে দিয়েছে, যাতে তারা নিজেরাই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করে।
ন্যাশনিক্স/একেএ
