একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াত তৎকালীন সরকারের কাছ থেকেও সুবিধা পেয়েছিল। তাদের অনেক শীর্ষ নেতা একসময় জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিল।”
আলাল আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ইসলামী ছাত্রশিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বেরিয়ে এসেছে এবং এখন তারা নিজের পরিচয় প্রকাশ করছে।
তার দাবি, জামায়াত এখন রূপ বদলে হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
তিনি বিএনপিকে তুলনা করেন “অর্জুন গাছের ছালের” সঙ্গে, যেখান থেকে যার প্রয়োজন, কেটে নিয়ে যাচ্ছে।
আলাল বলেন, “দেশ এখন বহুরূপীদের দখলে। বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।”
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না বলে মন্তব্য করে তিনি একাত্তরের হত্যাযজ্ঞে জড়িত জামায়াতকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান।
ন্যাশনিক্স/এপি
