মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের এপ্রিল মাসে চীন সফরে যাচ্ছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন ট্রাম্প, যদিও সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সফরের ঘোষণা দেন।
তিনি জানান, তার সফরের কিছুদিন পরেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও যুক্তরাষ্ট্র সফর করবেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ইতোমধ্যে ভালো অগ্রগতি হয়েছে।
ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তিতে পৌঁছেছি এবং প্রতি বছর সেটি পুনঃআলোচনা করা হবে। আমি মনে করি, খুব শিগগিরই এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে এবং সামনে বড় কোনো বাধা নেই।”
বৈঠকের পর ট্রাম্প আরও জানান, চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। এছাড়া, তিনি ও প্রেসিডেন্ট শি জিনপিং দুর্লভ খনিজ সরবরাহ নিয়ে এক বছরের জন্য নতুন একটি চুক্তিতেও পৌঁছেছেন।
এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ন্যাশনিক্স/এপি
