জনপ্রিয় অভিনেতা ও সাবেক সাংবাদিক হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি ইস্কেমিক স্ট্রোকের শিকার হয়েছেন এবং এর সঙ্গে মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, এ ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
একসময় একের পর এক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হাসান মাসুদ। তবে বেশ কিছু বছর ধরে তিনি বিনোদন জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি অভিনয়ে না ফেরার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,
“আমি এখন একটা জব খুঁজছি। সেটা সাংবাদিকতা হতে পারে, প্রশাসনিক কাজও হতে পারে। আমি চেষ্টা করছি একেবারে হারিয়ে যাব।”
অভিনয়ে আসার আগে হাসান মাসুদ ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা। ১৯৮৫ সালে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি সাংবাদিকতায় যোগ দেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কাজ করেন।
সাংবাদিকতা ছেড়ে তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন। পরবর্তীতে ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা এবং অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে
‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।
ন্যাশনিক্স/ এপি
