মেহের আফরোজ শাওনের মা আর নেই

অবশ্যই পরুন

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে মায়ের মৃত্যুর খবর জানান শাওন। তিনি লেখেন, “নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি দেন।”

শাওন জানিয়েছেন, তার মায়ের জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা মাগরিবের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি সবার কাছে মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। বেগম তাহুরা আলী ছিলেন শিক্ষিত ও মার্জিত স্বভাবের একজন নারী, যিনি পরিবার ও সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিত।

মেহের আফরোজ শাওন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। তিনি অভিনেত্রী, গায়িকা, নির্মাতা ও লেখক হিসেবে কাজ করছেন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবেও তিনি সুপরিচিত।

শাওনের মায়ের মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ