শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে ফেরা নিয়ে ভারতীয় রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনের খবর প্রকাশের পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক আলোচনা ও সীমান্ত পরিস্থিতির প্রতি সতর্ক নজর রাখছে সীমান্তরক্ষী বাহিনী।
রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা যায়। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।
ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা ও মুখপত্র পোস্টসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল সীমান্ত ঘিরে আলোচনা শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাঁরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
তবে বেনাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা দেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে জানানো হয়েছে। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্টের কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্বপন মজুমদার শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁরা শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তোলেন।
পেট্রাপোল সীমান্তে সমাবেশ, ভারতীয় নেতাদের বক্তব্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবরের মধ্যেই বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা বাড়ানো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির বাড়তি টহল দেখা যায়।
এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।
ন্যাশনিক্স/এলকে
