সশস্ত্র বাহিনী দিবসে শেখ হাসিনার শুভেচ্ছা, সংবিধান ও গণতন্ত্র রক্ষার আহ্বান

অবশ্যই পরুন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে দেশের সংকটময় পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংবিধান ও গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় সশস্ত্র বাহিনী বরাবরই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছে।

১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যায় উল্লেখ করে তিনি সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান। মিত্রবাহিনীর সঙ্গে সমন্বয়ে গঠিত যৌথ কমান্ড মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও বার্তায় উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র বাহিনীর জন্ম ও বিকাশ গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং তাঁর আদর্শে পরিচালিত সরকারের নির্দেশনায় বাঙালি জাতি চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হয়।

নিজের পরিবারের মুক্তিযুদ্ধের সম্পৃক্ততার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি জানান, তাঁর দুই ভাই বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে এবং দেশের প্রতিরক্ষায় আত্মত্যাগকারী সকল বীরের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বার্তায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বহুমুখী সংকট ও শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব সশস্ত্র বাহিনীর সদস্যদের ওপরও পড়েছে। নানা সীমাবদ্ধতা এবং ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার পরিস্থিতি সত্ত্বেও বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাহিনীর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা এবং তা রক্ষা করা নৈতিক দায়িত্ব। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে সংবিধান ও গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে জনগণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বর্তমান সংকট কাটিয়ে বাংলাদেশ শিগগিরই একটি সুষম রাষ্ট্রব্যবস্থার দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি।

বার্তার শেষাংশে মহান মুক্তিযুদ্ধ ও দেশের প্রয়োজনে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সকল শহীদের আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করেন শেখ হাসিনা। পাশাপাশি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য এবং সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ